গ্রিসের দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকায় পানি ঢুকে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার লিবিয়া থেকে ক্রিট দ্বীপের উদ্দেশে যাত্রা করা নৌকাটি ক্রিটের প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে বিপদে পড়ে। পরে গ্রিসের কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ৫১ জনকে উদ্ধার করে।
নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এতে টহল নৌকা, একটি হেলিকপ্টার ও ড্রোনের পাশাপাশি বাণিজ্যিক জাহাজ অংশ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধার অভিযানে সহায়তা করছে।
পূর্ব লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ক্রিটে যাওয়ার এই ঝুঁকিপূর্ণ পথটি ইউরোপে প্রবেশের অন্যতম ব্যস্ত অভিবাসনপথে পরিণত হয়েছে। অন্য কয়েকটি পথে অভিবাসীর সংখ্যা কমে যাওয়ায় এই রুটে যাতায়াতের চাপও বেড়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
এনএ




Comments