বিদ্যুৎ সরবরাহে ১৯ বিলিয়ন ডলারের প্রস্তাব, ফিরিয়ে দিল স্যামসাং-এসকে হাইনিক্স
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেপকো) ২৫ ট্রিলিয়ন ওন বা প্রায় ১৮.৭ বিলিয়ন ডলারের বিদ্যুৎ অগ্রিম পরিশোধের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স।
পরিকল্পিত সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো উন্নয়নে সহায়তার জন্য এই অগ্রিম অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেপকো। তবে অভ্যন্তরীণ পর্যালোচনার পর দুই প্রতিষ্ঠানই প্রস্তাবটি গ্রহণ করা কঠিন বলে জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, এত বড় অঙ্কের অর্থ অগ্রিম দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রতিষ্ঠান দুটির মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদে সেমিকন্ডাক্টরের চাহিদা কতটা স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে সংশ্লিষ্ট একটি কোম্পানি সূত্র।
কেপকোর প্রস্তাব অনুযায়ী, নতুন চিপ উৎপাদন কারখানাগুলোতে ভবিষ্যতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হবে, তার অর্থ আগাম পরিশোধ করার কথা ছিল। এর মাধ্যমে নতুন কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো তৈরিতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারত রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থাটি।
স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: রয়টার্স
এনএ




Comments