Image description

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিমা গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধে প্রয়োজনে কোম্পানির সম্পদ এমনকি পুরো কোম্পানি বিক্রি করে হলেও অর্থ পরিশোধ করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিমা ভবনে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মানুষ নিরাপত্তার জন্য কষ্টার্জিত অর্থ দিয়ে বিমা করেন। তাই তাদের পাওনা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোম্পানির সব সম্পদ বিক্রি হয়ে গেলেও গ্রাহকদের দাবি পরিশোধ করতে হবে।

বৈঠকে অর্থমন্ত্রীকে জানানো হয়, দেশে বিমা গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার বেশি দাবি বকেয়া রয়েছে। বিমার মেয়াদ শেষ হওয়ার পরও ৫৭ শতাংশ দাবি এখনো পরিশোধ করা হয়নি।

আমির খসরু বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ না করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেসব কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গ্রাহকদের দাবি পরিশোধের জন্য বিমা কোম্পানিগুলোকে পর্যাপ্ত তারল্য রাখতে হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান গ্রাহকদের পাওনা পরিশোধ না করে জমি ও অন্যান্য সম্পদ কেনা এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এমনকি সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগ করেছে। এসব কোম্পানিকে প্রয়োজনে সম্পদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিমা খাতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আরও কার্যকর করতে হবে। বিমা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বিমা খাতকে আধুনিক ও স্বচ্ছ করতে সব কোম্পানিকে অটোমেশন ও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথাও জানান তিনি। পাশাপাশি ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও প্রয়োজনীয় আইন ও বিধিবিধানে পরিবর্তন আনা হবে বলে জানান অর্থমন্ত্রী।

এর আগে সোমবার সকালে পাঁচটি জীবন বিমা কোম্পানির বকেয়া দাবির বিপরীতে গ্রাহকদের ২৩ কোটি টাকা পরিশোধ করা হয়।

এসএস