হরমুজ প্রণালি নিয়ে ইরান ও আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার ওমানে বৈঠকটি হওয়ার কথা ছিল।
বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে বৈঠকের নতুন কোনো তারিখ জানানো হয়নি।
ইরান জানিয়েছে, কয়েকটি আঞ্চলিক দেশ বৈঠক পেছানোর অনুরোধ জানিয়েছিল। সৌদি আরবের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান। পাশাপাশি ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতিও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
রোববার সন্ধ্যায় এক্সে দেওয়া এক পোস্টে বৈঠক স্থগিতের ঘোষণা দেন বদর আলবুসাইদি। সেখানে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকা আটটি দেশের পতাকাও প্রকাশ করেন তিনি।
বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। বৈঠক স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি ও পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা করে বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ওমানকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
এসএস




Comments