Image description

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল শেষে ফেরার পথে হাইস গাড়িসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল শেষে একটি হাইস গাড়িতে করে চলে যাওয়ার সময় পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তাঁদের ব্যবহৃত হাইস গাড়িটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, "মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। এর আগে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে একই ঘটনায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শ্রীনগরে আটক এই ১০ জনকেও মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিআর