Image description

বাগেরহাটে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা চলাকালে বারবার মুঠোফোন বেজে ওঠা ও কথা বলায় জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি সিভিল সার্জন সাহেবকে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক দপ্তরের কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সূত্রে জানা গেছে, আইনমন্ত্রীর কাছাকাছি আসনেই বসা ছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। মন্ত্রীর ডান পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার। সভা চলাকালে সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার উচ্চশব্দে বেজে ওঠে। একপর্যায়ে তিনি ফোন রিসিভ করে কথা বলার জন্য সভাকক্ষের বাইরেও যান।

সর্বশেষ আইনমন্ত্রী নিজে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় আবারও সিভিল সার্জনের মুঠোফোনটি বেজে ওঠে। এতে চরম অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয়ে তাকে উদ্দেশ করে আইনমন্ত্রী কঠোর ভাষায় বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার টেলিফোন... এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।”

এ সময় পেছনের সারি থেকে অন্য একজনকে ‘বের হন’ বলতে শোনা যায়। মন্ত্রী মহোদয়ের এমন কড়া নির্দেশের পর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান সিভিল সার্জন মাহবুবুল আলম।

ঠিক তখনই আইনমন্ত্রী পুনরায় বলেন, “দিস ইজ ইনডিসেন্ট, দিজ ইস আ মিস কন্ডাক্ট। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বসেন, এখানে। ফোনটা বন্ধ করে বসেন।” সিভিল সার্জন বসে পড়লে আইনমন্ত্রী আরও যোগ করেন, “আপনি, চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন আপনি ডাইভার্ট করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি।”

এদিকে মতবিনিময় অনুষ্ঠানে ঘটে যাওয়া আইনমন্ত্রীর উক্ত কড়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দিনভর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডিআর