Image description

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার-কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করেছে এস আর বি (র‍্যাব-৬)। এ ঘটনায় সার ও কীটনাশক ব্যবসায়ী এবং সাব-ডিলার মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল (দায়িত্বপ্রাপ্ত)। একই সঙ্গে জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল প্রকাশ্যে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে প্রস্তুতকৃত নকল ও ভেজাল সার, কীটনাশক এবং বিভিন্ন ক্ষতিকর কৃষি উপকরণ জব্দ করা হয়।

আটককৃত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসির সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও বিষাক্ত কীটনাশক উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যমানের নকল ও ভেজাল সার-কীটনাশক ও সংশ্লিষ্ট অন্যান্য কৃষি উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, কৃষি উৎপাদনে মানসম্মত সার ও কীটনাশক ব্যবহারের কোনো বিকল্প নেই। এসব নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের ফলে কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, কৃষি খাতে নকল ও ভেজাল প্রতিরোধে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিআর