Image description

নরসিংদীর মনোহরদীতে মাদকসেবী ও মাদক কারবারীদের তৎপরতা রোধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। মাদক কারবারীদের অপতৎপরতা থামানোর লক্ষ্যে নিয়মিত পুলিশি অভিযান, মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সাজা দেওয়ার কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৩ মাসে উপজেলায় ৪৫টি মাদক মামলা রুজু, ৬৫ জনকে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মনোহরদী থানা পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ৩ মাসে মোবাইল কোর্টের পরিচালনা করে ২২টি মামলায় ২২ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে গত জুন মাসে ৯টি মোবাইল কোর্টে ৯ জন, জুলাই মাসে ৯টি মামলায় ৯ জন এবং আগস্ট মাসে ৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে সাজা দেওয়া হয়।

এছাড়া মাদক বিক্রি, পরিবহন ও সেবনের মতো অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মনোহরদী থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ৬৫ জন মাদক কারবারী ও সেবীকে গ্রেপ্তার করে। একই সময়ে থানা প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, মাদকের বিরুদ্ধে তাঁদের সরকারের ও প্রশাসনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই মাদক কারবারী বা মাদক ব্যবহারকারীর সন্ধান পাওয়া যাবে, সেখানেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ডিআর