উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। খবর এনডিটিভির।
ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে। এ সময় পাকিস্তানি নৌবাহিনীর এমন ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ তীব্র নিন্দা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষের ঘটনা ঘটলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতের দাবি, ১৯৯১ সালের একটি চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা নৌযান চলাচলের ক্ষেত্রে আগে থেকেই নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। পাকিস্তানি নৌবাহিনী ওই চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য পাকিস্তানি কূটনীতিককে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত। পাশাপাশি ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ওমানের কাছে উত্তর আরব সাগরে রুটিন টহল দিচ্ছিল ভারতের একটি যুদ্ধজাহাজ। এ সময় একটি পাকিস্তানি নৌযান অত্যন্ত দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে এসে ভারতীয় জাহাজটির সামনে চলে আসে। একপর্যায়ে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়।
তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
এর আগে ২০১১ সালের জুনেও ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে একই ধরনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সূত্র: এনডিটিভি
এনএ




Comments