নীলফামারীতে টিটিসির আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা
তিন হাজার সিভি জমা
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় ১০টি প্রতিষ্ঠান প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশীর জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করে। আয়োজকরা জানিয়েছেন, এর মধ্যে প্রায় তিন হাজার সিভি বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়ে।
সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভূইয়া।
এ সময় টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, টিটিসির চিফ ইন্সট্রাক্টর মশিউর রহমান, ইন্সট্রাক্টর আব্দুল মতিন, ইন্সট্রাক্টর রেজওয়ান হোসেন ও জব প্লেসমেন্ট অফিসার আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
মেলায় শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিজাত গ্রুপ, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন, নীলসাগর গ্রুপ, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সনিক বাংলাদেশ, সেভেন সেকশন লিমিটেড, স্মাইল আর্টস কোম্পানি লিমিটেড ও গোল্ড ম্যানুফ্যাকচার লিমিটেড অংশ নেয়।
চাকরিপ্রত্যাশী সদর উপজেলার কচুকাটা এলাকার আতিকুজ্জামান বলেন, ‘এ ধরনের মেলা আয়োজনের ফলে বেকার যুবকদের অনেক উপকার হয়। চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদাভাবে ঘুরতে হয়। একসঙ্গে এতগুলো কারখানা অংশ নেওয়ায় এক জায়গা থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পেরেছি।’
আয়োজক সূত্র জানায়, ২০২৫ সালে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করা হয়। ওই মেলায় ১৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রায় চার হাজার সিভি জমা পড়ে। সিভি জমা দেওয়া চাকরিপ্রত্যাশীদের মধ্যে প্রায় দুই হাজার জনের চাকরি হয়।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘দ্বিতীয়বারের মতো আজ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। প্রায় তিন হাজার সিভি ১০টি প্রতিষ্ঠানে জমা পড়েছে। আশা করছি, এবারও দেড় হাজারের বেশি চাকরিপ্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য ডাক পাবেন।’
তিনি জানান, ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর অর্থায়নে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। চাকরিপ্রত্যাশীদের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরও চাকরি মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এসএ




Comments