Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এতে দুই বিভাগের দুই খেলোয়াড় আহত হয়েছেন।

জানা যায়, নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উদযাপনকে কেন্দ্র করে দুই বিভাগের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইতিহাস বিভাগের খেলোয়াড় জীম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের তানভীর আহত হন।

ইতিহাস বিভাগের খেলোয়াড় সানাউল্লাহ রাফসান বলেন, ম্যাচের শুরু থেকেই চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা আক্রমণাত্মক আচরণ করছিলেন এবং বিভিন্ন ধরনের গালাগালি করছিলেন। তবে তারা বিষয়টি ম্যাচের অংশ হিসেবে দেখছিলেন। ম্যাচ জয়ের পর তারা উদযাপন করার সময় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় হৃদয় তাদের এক খেলোয়াড়কে বুট দিয়ে আঘাত করেন বলে তিনি দাবি করেন। এতে তাদের এক খেলোয়াড়ের মাথায় আঘাত লাগে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অন্যদিকে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তানভীর জামান বলেন, ইতিহাস বিভাগ ম্যাচ জেতায় তারা তাদের অভিনন্দন জানিয়েছেন। তবে ম্যাচ শেষে ইতিহাস বিভাগের গ্যালারি থেকে তাদের গোলকিপারের দিকে একটি ইট নিক্ষেপ করা হয় বলে তিনি দাবি করেন। গোলকিপার ইটটি ইতিহাস বিভাগের অধিনায়ককে দেখাতে গেলে তাদের খেলোয়াড়রা উল্টো গোলকিপারকে ইট নিয়ে মারতে যাওয়ার অভিযোগ তোলেন। এরপর ইতিহাস বিভাগের খেলোয়াড়রা তাদের গোলকিপারের ওপর হামলা করেন বলে তিনি দাবি করেন। পরে তারা সেখানে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও গ্যালারি থেকে বের হয়ে তাদের দর্শকদের দিকে এগিয়ে আসে বলে তিনি জানান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তানভীর।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াস উদ্দীন আহমেদ বলেন, খেলা শেষে মারামারির খবর পেয়ে তারা দ্রুত স্টেডিয়ামে যান। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারির ঘটনায় যারা জড়িত ছিল, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসএ