মোকামতলায় বাস-কাভার্ডভ্যান-মাইক্রোবাসের চতুর্মূখী সংঘর্ষ, আহত ২
বগুড়ার মোকামতলা উপজেলায় বাস, মাইক্রোবাস ও দুটি কাভার্ডভ্যানসহ চারটি যানবাহনের চতুর্মূখী ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহবলের মধুপুর রাস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর দিক থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস, একটি কাভার্ড ভ্যান ও ফাইভ স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে যাচ্ছিলেন। ওই বহরের সামনে থাকা মাইক্রোবাসের চাকা হঠাৎ পাংচার হয়। এর পেছনে ছিল কাভার্ডভ্যান এবং তার পেছনে ছিল বাস। এ সময় বাসটি সামনের কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কাভার্ড ভ্যানটি রোড ডিভাইডারের ওপর দিয়ে উল্টে বিপরীত লেনে গিয়ে পড়ে। তখন বগুড়া দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়।
এদিকে ধাক্কার পর যাত্রীবাহী বাসটি সামনে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা যাবৎ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। আহত হয়েছেন দুইজন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments