গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ পর্যন্ত উপজেলায় পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চারজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ড সূত্রে জানা যায়, বর্তমানে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তরা হলেন উপজেলার বাসিন্দা আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হন। অন্যদিকে, বাকি তিনজন ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরার পর পরীক্ষা করালে তাদের ডেঙ্গু শনাক্ত হয়।
চিকিৎসাধীন কাজিউল ইসলাম বলেন, ঢাকায় চাকরি করার সময় কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়ি ফেরেন তিনি। ওষুধ সেবনের পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করে জানতে পারেন, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এসএ




Comments