তুরস্কের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ডেইলি অবজারভার'-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এরদোগানের জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, তুরস্কের ৬০০ সদস্যবিশিষ্ট জাতীয় সংসদের অন্তত ৩৬০ জন আইনপ্রণেতা যদি আগাম নির্বাচনের পক্ষে ভোট প্রদান করেন, তবে ২০২৮ সালের এপ্রিলেই অনুষ্ঠিত হতে পারে দেশের পরবর্তী সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচন। তিনি আগাম নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৮ সালের ১৬ এপ্রিলের কথা উল্লেখ করেছেন।
তুরস্কের সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে ২০২৮ সালের মে মাসে নির্বাচন হওয়ার কথা। তবে সাংবিধানিক বিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন পাওয়া গেলে মেয়াদের পূর্বেই আগাম নির্বাচন ডাকার এখতিয়ার রয়েছে। আর যদি পার্লামেন্ট কর্তৃক আগাম নির্বাচন ঘোষিত হয়, তবে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে এরদোগানের জন্য পুনর্নিবাচিত হওয়ার আইনি সুযোগ তৈরি হবে।
বর্তমানে তুর্কি পার্লামেন্টে এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এবং তাদের মূল জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) সম্মিলিত আসন সংখ্যা ৩২৬টি। ফলে আগাম নির্বাচনের প্রস্তাব পাস করাতে হলে বর্তমান সরকারি জোটকে আরও অন্তত ৩৪ জন বিরোধী বা স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
এর আগে দীর্ঘদিন ধরে তুর্কি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, দেশের নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এমনকি সম্প্রতি একেপির মুখপাত্র ওমের চেলিক স্পষ্টভাবে জানান, নির্ধারিত সময়ের পূর্বে ভোট আয়োজনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার এই সাম্প্রতিক বক্তব্যের পর আগাম নির্বাচন ও এরদোগানের প্রার্থিতা নিয়ে নতুন করে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।
ডিআর




Comments