ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএসের এক প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এই সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে ডাকসুর নির্ধারিত মেয়াদের কার্যক্রম সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের প্রতিনিধিদের বিশেষ অভিনন্দন জানান জামায়াত আমির। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদাসমূহ এবং বিদ্যমান নানান সমস্যা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
ডাকসুর প্রতিনিধিদের বরাত দিয়ে জানা যায়, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা সৃষ্টির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন জামায়াত প্রধান। একই সঙ্গে ডাকসু ভবনসহ বিভিন্ন হল সংসদে জাতীয়তাবাদী ছাত্রদলের কথিত ‘মব সন্ত্রাস’-এর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
ক্যাম্পাসে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবর্তনের ধারা অব্যাহত রাখার জোর দাবি জানিয়ে ডাকসুর পরবর্তী নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ও দ্রুত তফসিল ঘোষণার দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবাসন, ডাইনিং ও মানসম্মত শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নেতাদের যেকোনো কল্যাণমুখী পদক্ষেপে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আরও বেশি ইতিবাচক ও সক্রিয় থাকার পরামর্শ দেন।
একই সাথে দেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এবং ‘জুলাই বিপ্লবে’র চেতনা ও রূপরেখার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের মহান প্রক্রিয়ায় ছাত্র সংসদে অর্জিত প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
ডিআর




Comments