Image description

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শেখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শেখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন কসমেটিকস দোকানি ফিরোজ, মঞ্জু ইলেকট্রনিকস, লিটন মুন্সির মুদি দোকান, সবুজ খান কসমেটিকসের গোডাউন, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটন মুদি দোকান, মতি মোল্লার মুদি দোকান, বিমল মুদি দোকান ও বেকারি এবং আবদুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এসএ