রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তেজগাঁও কলেজ মসজিদে একদল ব্যক্তি গোপন বৈঠক করছে এবং তারা জঙ্গি তৎপরতা বা উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে বিশেষ অভিযান চালানো হয়। পরে মসজিদ প্রাঙ্গণ থেকেই ২৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের বর্তমানে তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে। তেজগাঁও বিভাগের ওই কর্মকর্তা জানান, তাঁদের পরিচয় ও সাংগঠনিক নেটওয়ার্ক খতিয়ে দেখতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
প্রাথমিক তথ্য যাচাই-বাছাই ও নিশ্চিত হওয়ার পর প্রেস ব্রিফিং বা বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিআর




Comments