Image description

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতাকে কোনো আইনি জটিলতায় না ফেলে সরকারি নীতিমালায় পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও এসআরবির যৌথ পরিচালনায় বিশেষ অভিযান চলছে। খুলনা, রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের নানা অঞ্চলে অবৈধ অস্ত্রের প্রাথমিক তথ্য থাকলেও, সুনির্দিষ্ট তথ্যের অভাবে তা উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের সরাসরি সহযোগিতা প্রয়োজন।

এসআরবির এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, পরিস্থিতির শিকার হয়ে থানায় থাকা কোনো অস্ত্র কারও কাছে চলে গিয়ে থাকলে এবং তিনি আইনি জটিলতার ভয়ে তা ফেরত দিতে দ্বিধা করলে—এখন নির্দিষ্ট স্থানে অস্ত্রটি রেখে শুধু অবস্থান বা ঠিকানা জানিয়ে তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে, তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে এবং কোনো আইনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না।

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী জানান, ওই এলাকায় অপরাধ নির্মূলে এসআরবি ব্যাটালিয়নের সদস্য ও অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং জোরালো করা হয়েছে। খুব শিগগিরই মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিআর