Image description

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাগরের স্রোতে নিখোঁজ হওয়া কলেজছাত্র সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। জানা গেছে, বুধবার কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি কক্সবাজারে আসেন।

শুক্রবার বিকেলে সীমান্তসহ কয়েকজন বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তিনজন ভেসে যেতে থাকেন। খবর পেয়ে সৈকতে দায়িত্ব পালনরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সীমান্ত পানিতে তলিয়ে যান।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম জানান, সন্ধ্যার দিকে তিন পর্যটক পানিতে নামার পর স্রোতের টানে ভেসে যেতে থাকেন। লাইফগার্ড ও বিচকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। তবে সীমান্তকে তখন খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, সাগরের স্রোত ও ঢেউয়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই নির্ধারিত নিরাপদ জোনের বাইরে গিয়ে সমুদ্রে নামা কিংবা সতর্ক সংকেত উপেক্ষা করে পানিতে নামা ঝুঁকিপূর্ণ।

সীমান্তের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের সদস্য ও স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসএ