Image description

ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নটর ডেম কলেজের পেছনের জালালের মোড় এলাকা থেকে অপহৃত মো. আব্দুস সামাদ (৩১)কে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহের আল-আমীন (২০), পিয়াস মিয়া (২২) ও দিদারুল ইসলাম (৫৮) এবং শেরপুরের ফারুক আহম্মেদ (৩৫)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকা থেকে ভুক্তভোগীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় চক্রটি। পরে তাকে মাদকের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে টহল পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসএ