বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ খুঁজছে: পানিসম্পদমন্ত্রী
প্রথম দিন থেকেই বিরোধী দল সরকারকে প্রতি মুহূর্তে অসহযোগিতা করার কারণেই আওয়ামী লীগ ডিসেম্বরে ফেরার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পানিসম্পদমন্ত্রী বলেন, "আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতি মুহূর্তে সরকারি দলকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল সুযোগ না দিলে ও লংমার্চ না করলে এই পরিস্থিতি তৈরি হতো না।"
বিরোধী দলের সংসদ ও মাঠের আচরণের বৈপরীত্য তুলে ধরে তিনি বলেন, "তারা সংসদে এক কথা বলে, আর বাইরে আন্দোলন-লংমার্চের নামে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। একটা ধ্বংসস্তূপের ওপর এসে ছয় মাসের মধ্যে সব গ্যাস-বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।"
রাজনীতিতে গত ১৭ বছরের সংগ্রামের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "৫ই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হঠাৎ আসেনি; ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার ত্যাগেই এর প্রেক্ষাপট তৈরি হয়, যা পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পথ সুগম করেছে। জনগণের ভোটে দায়িত্ব পাওয়ার পর বিএনপি এবং তারেক রহমানের সরকার কোনো ষড়যন্ত্রই মেনে নেবে না।"
ভবিষ্যতে নির্বাচনে প্রভাব বিস্তারের যেকোনো অপচেষ্টা রোখে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ডিআর




Comments