কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিবুল আলম ভূঁইয়া মরদেহের সন্ধান প্রাপ্তি ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতীম। সম্ভাব্য নানা স্থানে খুঁজে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জিডির পর তদন্তে নেমে পুলিশ অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি অভিযান চালান। একপর্যায়ে বনায়নের ভেতরে ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি পাহাড়ি টিলা থেকে কিশোর অপ্রতীমের নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
কোটবাড়ি থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিআর




Comments