Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ ভিশন ও মিশন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন প্রশাসনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে তাঁর আন্তরিক আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি এ ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এসএ