Image description

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হয়েছেন। সন্তান জন্মের পর বর্তমানে সিনেমার পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। মাতৃত্বের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সবশেষ তাকে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে।

সন্তান জন্মের পর শরীরে নানা ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক। তবে তারকাদের ক্ষেত্রে এই স্বাভাবিক পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়। সম্প্রতি স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রকাশ্যে হাজির হয়ে তেমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ক্যাটরিনা।

সন্তান জন্মের পর ওজন ও চেহারায় পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের বডি শেমিংয়ের শিকার হন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে ক্যাটরিনার ভক্ত-অনুরাগীদের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

এবার ক্যাটরিনার সমর্থনে নীরব প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশানও।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন ক্যাটরিনাকে বডি শেমিংয়ের জবাব দিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি ক্যাটরিনাকে একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় তারকা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন কিংবা মাতৃত্বের চিহ্নকে কারও ব্যর্থতা হিসেবে দেখার সমালোচনা করেন তিনি।

হর্ষবীরের সেই পোস্টটি হৃতিক রোশানের নজরে আসে। পরে পোস্টটিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান এই অভিনেতা। যদিও সেখানে কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ব্যাং ব্যাং’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশান। দুটি সিনেমাতেই তাদের জুটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

এস