Image description

প্রথম দুই ম্যাচের পর শেষ টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিল না ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারেই পেরিয়ে যায় ইংল্যান্ড। হাতে ছিল আরও ৬২ বল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল। পাথুম নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে দলটি। ২৪ বলে ৩৬ রান করেন নিশাঙ্কা। পরে কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, উইল জ্যাকস ও জোফরা আর্চার দুটি করে উইকেট নেন। বেকার ৩.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। অ্যানুরিন ডোনাল্ড ৬ বলে ১৩ রান করে ফিরলেও জস বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় স্বাগতিকরা।

বাটলার মাত্র ৩২ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বলে ৩৪ রান করে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান।

শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

এসএস