কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার পর নিয়ে যাওয়া আইফোন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় এক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে জেলা পুলিশের একটি দল। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই কিশোরকে আটক করা হয়েছিল।
জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এরই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। পুরো ঘটনা জানাতে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কুমিল্লায় কর্মরত এক দায়িত্বশীল কর্মকর্তাও আইফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া কিশোরের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ফোনটি উদ্ধার করেন। অপ্রতিম তার মায়ের ওই আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতে অপ্রতিমকে ওই আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে জানানো হবে।
পুলিশ সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও ওই কিশোরকে অপ্রতিমকে নিয়ে যেতে দেখা যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে ওই কিশোরের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। অপ্রতিমের মরদেহ উদ্ধারের আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাড়িতেও যায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পর শনিবার দুপুরে কোটবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে ডিবি পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সালমানপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়।
এসএস




Comments