সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে মরিয়মের হাতে লেখা বেশ কয়েকটি চিঠি উদ্ধার হয়েছে। এসব চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে।
উদ্ধার হওয়া চিঠিগুলোর কিছু জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে, আবার কিছু সাদা কাগজে লেখা। কোথাও সম্পর্কের প্রতি গভীর টান ও ভালোবাসার কথা রয়েছে, আবার কোথাও প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে।
একটি চিঠিতে মরিয়ম লিখেছেন, তিনি বিশ্বাস করে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, যাকে তিনি নিজের পক্ষের মানুষ মনে করেছিলেন, তিনিই ছিলেন বিপক্ষের অবস্থানে। এতে সম্পর্কের ভেতরের হতাশা ও আক্ষেপের প্রকাশ রয়েছে।
অন্য একটি লেখায় নিজের অবস্থান ও ভালোবাসার অপূর্ণতার কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়; কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের।
আরেকটি চিঠিতে নিজেকে ‘দাবার গুটি’ হিসেবে উল্লেখ করে প্রতারিত হওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বন্ধুত্বের নামে একটি খেলায় অংশ নেওয়ার পর তিনি বুঝতে পারেন, সেই খেলায় তাকেই একটি গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে।
জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় বিশ্বাসভঙ্গের কারণে পরাজয়ের অনুভূতি ও ক্ষোভের কথা রয়েছে। সেখানে ভবিষ্যৎ পরিণতি নিয়ে একটি কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
এ ছাড়া লাল কালিতে লেখা একটি ছোট বার্তায় নিজের আত্মসম্মানের কথা তুলে ধরেছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, মায়ার কারণে বারবার নত হলেও তাকে যেন দুর্বল বা সহজে অবমূল্যায়ন করার মানুষ মনে না করা হয়।
চিঠিগুলোর সঙ্গে ১২ জুলাই ২০২৬ তারিখ লেখা একটি পাতাও পাওয়া গেছে। সেখানে ঘুমানোর আগে পড়ার জন্য কয়েকটি ধর্মীয় আমলের তালিকা রয়েছে।
উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় মরিয়মের সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির প্রকাশ পাওয়া গেছে। পাশাপাশি একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তাও রয়েছে।
এসএস




Comments