চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির নামের এক যাত্রীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা স্টিল মিলস এলাকার এসআরবি-৭ সিপিএসসি (CPSC) কোম্পানির একটি আভিধানিক দল উজিরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ‘পূরবী পরিবহন’-এর একটি বাস থামিয়ে তল্লাশি চালান এসআরবি সদস্যরা। বাসের সিটে বসা যাত্রী নুরুল কবিরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নুরুল কবির চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে ওই বাসে উঠেছিলেন বলে জানা গেছে। এসআরবি-৭ সিপিএসসি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন আবদুল আওয়ালের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে এসআরবি-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মূল উৎস ও পাচার চক্রের তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এসএ




Comments