Image description

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চল ও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর ওপর দিয়ে অথবা এর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় ওই অঞ্চলের আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এতে অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়ে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় খেলোয়াড় ও ঘোড়ার নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র:জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি

এনএ