কোয়াব সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে স্ট্যাটাসে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি মিঠুন।
ফলে ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি- ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম… এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’
মিঠুনের এই পোস্ট এমন সময়ে এসেছে, যখন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি হিসেবে তার ভূমিকা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনা দুটোই রয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে কোয়াবের সভাপতি হন মিঠুন।
কোয়াবের কার্যক্রমের মধ্যে অন্যতম আলোচিত বিষয় ছিল এবারের বিপিএল না হওয়া। বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে কমানো যায়, তা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনায় অংশ নেয় কোয়াব। পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ৫০ হাজার থেকে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা করা হয়েছে।
মাঠের ক্রিকেটেও অবশ্য এখনো সক্রিয় মিঠুন। ২০২৬-২৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে তিনি খুলনা বিভাগের অধিনায়ক। আগামী ৩ অক্টোবর শুরু হতে যাওয়া এনসিএলের আগে আট বিভাগের অধিনায়কের হাতে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটের জন্য বিশেষ ব্যাগি ক্যাপ তুলে দেওয়া হয়েছে, যার একটি পেয়েছেন মিঠুন।
এনএ




Comments