Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর মিম (৭) নামে এক মাদরাসাছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন ঝোপঝাড় থেকে ভাসমান ও অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ নিখোঁজ হয় মিম। পরিবারের স্বজনেরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের একটি নির্জন ঝোপে স্থানীয়রা শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মেয়ের মর্মান্তিক পরিণতিতে কান্নাজড়িত কণ্ঠে নিহত শিশুর বাবা মিজানুর রহমান বলেন, "আমার শিশু মেয়েটা এভাবে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডিআর