নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি নুর মোহাম্মদ ওরফে 'নুরা পাগলা'কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ বেপারীর ছেলে। তিনি বর্তমানে বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও চুরি সহ অন্তত ১২টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাজুড়ে সে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন-জুলুম চালিয়ে আসছিল। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীতে স্থানীয় এক কৃষকদল নেতার ছত্রছায়ায় এসে নুরা পাগলা বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু জানান, "একটি পুরোনো ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে তার বিরুদ্ধে আর কোনো রাজনৈতিক বা অপরাধমূলক মামলা আছে কি না তা আমার জানা নেই।"
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "একটি ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় জেলা গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
ডিআর




Comments