Image description

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সিয়াম রাবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রথম স্থান অর্জনের অনুভূতি জানিয়ে আরিফুল করিম সিয়াম বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করেছেন। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। প্রস্তুতির দীর্ঘ সময়ে ধৈর্য ধরে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করার পরামর্শ দেন তিনি।

রাবির আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়ায় তিনি এবং বিশ্ববিদ্যালয় গর্বিত। ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকেও অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম বিজেএসে বিরতির পর ১৮তম বিজেএস পরীক্ষায় আবারও শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী।

এসএস