Image description

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে জুনে হওয়া সমঝোতা স্মারকের শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি এ কথা বলেন বলে জানিয়েছে সিনহুয়া।

জুনের ওই সমঝোতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তির জন্য আলোচনা শুরুর কথা ছিল। তবে পরবর্তী সময়ে আবারও সংঘাত শুরু হলে ওই সমঝোতা ভেস্তে যায়।

এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা কার্যত স্থবির রয়েছে। ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীনকে দীর্ঘদিন ধরে এ সংকটে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

তাইওয়ান ইস্যুতেও ট্রাম্পকে শির বার্তা

বৈঠকে তাইওয়ান ইস্যুতেও শি জিনপিং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কথা বলেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি ট্রাম্পকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে এবং বিষয়টি সতর্কতার সঙ্গে পরিচালনার আহ্বান জানিয়েছেন।

শি বলেন, ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বশাসিত দ্বীপটির প্রতি সমর্থন বজায় রাখার পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখার চেষ্টা করে আসছে।

সূত্র: আল-জাজিরা

এসএস