Image description

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের প্রশংসা করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি ওই ভাষণকে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ।

ভাষণে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রাষ্ট্রের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।’

এ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের বিশ্বমঞ্চে দেওয়া ভাষণে বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার, বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি জনগণের অধিকারসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও দেশের অবস্থান তুলে ধরেন তারেক রহমান।

রাষ্ট্রপতির অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর এই ভাষণের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং জাতিসংঘ অধিবেশনে তার বক্তব্যের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।

এনএ