Image description

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ ভবনে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, পণ্য আমদানিতে প্রযোজ্য করহার পুনর্বিন্যাস এবং দীর্ঘদিন স্থগিত থাকা দ্বি-পক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী অর্থনৈতিক সম্পর্কের দৃশ্যমান উন্নয়নে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে এবং সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান পরস্পরের হাতে স্মারক উপহার তুলে দেন।

বৈঠক পরিচালনা শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় মিয়ানমারের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক পরিচালনা কার্যক্রম ও আধুনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

ডিআর