ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে পড়ে ট্রেনের চাকায় কাটা পড়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রী। দুর্ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহত রাবেয়া খাতুন রাজশাহী থেকে খুলনাগামী 'কপোতাক্ষ এক্সপ্রেস' ট্রেনের যাত্রী ছিলেন। তিনি ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্র জানায়, মোবারকগঞ্জ স্টেশনে নির্ধারিত বিরতি শেষে ট্রেনটি ছেড়ে দেওয়ার মুহূর্তে তড়িঘড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন রাবেয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্ম থেকে নিচে রেললাইনের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় তাঁর দুটি পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া দুর্ঘটনার সময় একটি হাতসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি গুরুতর আঘাত পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার জানান, দুর্ঘটনার পর পরই দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় আহত নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ডিআর




Comments