Image description

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত নারী যাত্রী রাবেয়া খাতুন (৩৭)। ট্রেনের চাকায় কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোবারকগঞ্জ স্টেশনে এই করুণ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'কপোতাক্ষ এক্সপ্রেস' ট্রেনের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবারকগঞ্জ স্টেশনে বিরতি শেষে ট্রেনটি চলতে শুরু করলে তড়িঘড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন রাবেয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে রেললাইনের ওপর পড়ে যান তিনি। মুহূর্তেই ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, প্ল্যাটফর্মটি তুলনামূলক নিচু হওয়ায় এবং ট্রেনের দায়িত্বপ্রাপ্ত গার্ডের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে যশোর নিয়ে যাওয়ার পথে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সাতমাইল এলাকায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর রেফার করা হলে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ডিআর