Image description

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে রাতের বেলা চুরি যেন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সিসি ক্যামেরা অচল থাকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের অভাবে চোরের উপদ্রব দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বাজারের সাবেক সভাপতি আশিক আহমেদ রাজিব ও সেক্রেটারি জুনায়েদ চৌধুরীর দায়িত্ব পালনকালে বাজারে ১০ থেকে ১২টি সিসি ক্যামেরা সচল ছিল। ফলে যেকোনো ছোটোখাটো ঘটনা ঘটলেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের সহজে চিহ্নিত করা যেত। তবে বর্তমান সভাপতি বাদশা মিয়া এবং সেক্রেটারি আসাদুজ্জামান চৌধুরী সুনাই মিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বুল্লা বাজারকে পুনরায় সিসি ক্যামেরার পূর্ণাঙ্গ আওয়ার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সচেতন ব্যবসায়ী মহল।

এ বিষয়ে বুল্লা বাজারের বর্তমান সেক্রেটারি আসাদুজ্জামান চৌধুরী সোনাই মিয়া জানান, খুব দ্রুত সময়ের মধ্যে অচল সিসি ক্যামেরাগুলো সচল করা হবে। ব্যবসায়ীরা আর্থিকভাবে সহযোগিতা করলে পুরো বাজারকে আধুনিক সিসি ক্যামেরার আওতায় আনা সম্ভব হবে।

নিরাপত্তার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, "বাজারে বর্তমানে পাহারাদারের সংখ্যা মাত্র চারজন। অথচ পাহারা জোরদার করার জন্য ব্যবসায়ীদের কাছে চাঁদা বা খরচ বাবদ সামান্য ১০ টাকা বাড়াতে বললেই তারা দিতে চান না।"

তিনি আরও জানান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং সভাপতিসহ তারা সবাই মিলে ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের পেছনের অন্ধকার গলিতে লাইটিং এর ব্যবস্থা করা ও ঝোপঝাড় পরিষ্কার করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু কেউ তা শোনেননি। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে সভাপতিসহ সাংগঠনিক টিম নিজেরাই পাহারা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, "প্রতি রাতে পাহারাদারদের সাথে চারজন ব্যবসায়ীর থাকার নিয়ম থাকলেও কেউ আসেন না। ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান রক্ষায় তৎপর না হলে আমরা একা কী করব?"

বাজারের বর্তমান সভাপতি বাদশা মিয়া জানান, অচল সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করা হবে এবং চুরি পুরোপুরি বন্ধ করতে ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং চুরির এই নিত্যদিনের উপদ্রব ঠেকাতে দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করার পাশাপাশি ব্যবসায়ী ও বাজার কমিটির মধ্যে পারস্পরিক সুসমন্বয় ও কার্যকর পদক্ষেপ চান সাধারণ ব্যবসায়ীরা।

এসএ