Image description

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বড়াল নদীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌর সদরের লক্ষীকোল বাজারসংলগ্ন বড়াল নদীতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জন্নাতুল ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযানকালে স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নদীতে ফেলা বর্জ্য পদার্থ ও কচুরিপানা পরিষ্কার করেন। একই সঙ্গে ইউএনও বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নদীতে দোকানপাটের বর্জ্য না ফেলার আহ্বান জানান।

এ সময় ইউএনও লায়লা জন্নাতুল ফেরদৌস বলেন, "ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় আমরা আজ বড়াল নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ দোকানপাটের বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন; সেখান থেকে পৌরসভার কর্মীরা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলবে। পাশাপাশি পৌর বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা সবাই নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখব এবং যেখানে জমা পানি আছে, সেগুলো নিজ দায়িত্বে অপসারণ করব। এতে আমরা নিজেরাও সুস্থ থাকব এবং আমাদের প্রতিবেশীরাও সুস্থ থাকবে।"

ডিআর