রাজধানী বনানী থানাধীন আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্স এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন রাইড শেয়ারিং চালক মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, আফ্রিকান নাগরিক মাইকেল (৩৬)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক হোসেন জানান, খবর পেয়ে রাতে বনানীর আমতলী মোড় ট্রাফিক বক্সের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি স্থানীয়দের বরাতে আরো জানান, আমতলী মোড় পুলিশ বক্সের পশ্চিম এলাকায় কাকলীগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ল-৫১-৪৫২২) চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খালেদ সাইফুল্লাহর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়; তিনি তরিক উল্লাহর ছেলে। অপরদিকে, নিহত মাইকেল পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক। তিনি বর্তমানে মিরপুর-২ নম্বরের জনতা হাউজিংয়ে বাস করতেন এবং পেশায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাংবাদিকতা বিষয়ের শিক্ষক ছিলেন।
জানা যায়, মাইকেল গত রাতে সহকর্মী ফারহানার সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নিজের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সহকর্মী ফারহানার মোবাইল থেকে রাইড শেয়ারিং মোটরসাইকেল ডেকে মিরপুরের বাসার উদ্দেশে রওনা হন। আমতলী এলাকায় পৌঁছালে ঘাতক কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারান তিনি ও মোটরসাইকেল চালক।
ডিআর




Comments