Image description

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হলে খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকেরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরমাইজপাড়া গরম বাজার সংলগ্ন জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) পালন উপলক্ষে সন্ধ্যার দিকে জোড়াব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন। একপর্যায়ে তারা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশে খবর দেন। জাজিরা থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা বাইক ফেলে দ্রত সটে পড়ে।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কেক কাটার পুরো সরঞ্জাম এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মালিক বা ব্যবহারকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় এই কেক কাটার উদ্যোগ নেওয়া হলো।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিআর