ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়।
এ দিন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম নিশ্চিত করে জানান, এই উপনির্বাচনে অংশ নিতে পাঁচটি রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বিএনপি মনোনীত অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
মনোনয়ন দাখিলের শেষ দিনে রোববার দুপুরে পৃথক সময়ে বিএনপির দুই প্রার্থী মির্জা ফয়সাল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনসহ অন্যান্য দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁদের মনোনয়ন জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোট ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
ডিআর




Comments