গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও সাড়ে ৩ বছরের মেয়ের
গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনির মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে ও মনির হোসেনের স্ত্রী। তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ আহত মা-মেয়েকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়।
পূবাইল থানা পুলিশ জানিয়েছে, নিহত মা-মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএ




Comments