Image description

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে ইউসুফ আলী (৩৬), আক্তার হোসেনের ছেলে মো. বিজয় মিয়া (২২) এবং নয়নপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সাগর মিয়া (১৭)।

পুলিশ জানায়, রোববার রাতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় জনৈক হাবুল ইসলামের বাড়ির সামনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিল করেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে সোমবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

এসএ