ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় সশস্ত্র বিদ্রোহীদের অতর্কিত হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। মিয়ানমার সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ ওই এলাকায় হামলাটির ঘটনায় বাহিনীটির আরও অন্তত চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ২১ আসাম রাইফেলসের একটি জওয়ান দল সীমান্ত বেড়া নির্মাণকাজ চলমান থাকা একটি নির্দিষ্ট এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা সশস্ত্র বিদ্রোহীরা তাঁদের লক্ষ্য করে হঠাৎ অতর্কিত গুলি ও হামলা চালায়।
হামলায় নিহত আসাম রাইফেলসের ওই সদস্যের নাম হাবিলদার জানখোখাই কুকি (৪২)। গুলিবর্ষণে আহত বাকি চার জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
প্রাথমিক সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন-এর (NSCN-KYA) কে-ওয়াইএ উপদলের সশস্ত্র বিদ্রোহীরা এই সীমান্ত হামলায় সরাসরি অংশ নিয়ে থাকতে পারে।
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসনিক ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, চ্যাংলাং সীমান্ত এলাকায় অবস্থান নেওয়া বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র হামলাকারীদের মূল উৎপাটন করতে ইতোমধ্যেই সমগ্র বনাঞ্চলে যৌথবাহিনীর চিরুনি অভিযান ও তল্লাশি জোরদার করা হয়েছে।
ডিআর




Comments