Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হতে যাচ্ছেন। বর্তমান সভাপতি মহসিন নাকভির মেয়াদ শেষ হলে ২০২৭ সালের এপ্রিলে এ দায়িত্ব পেতে পারেন তিনি।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ২ এপ্রিল এসিসির সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা। তার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম থাকায় পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশের তামিম ইকবালের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এশিয়ার পাঁচটি পূর্ণ সদস্যদেশের মধ্যে পালাক্রমে প্রতি দুই বছর পর এসিসির সভাপতির দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী, এবার বাংলাদেশের দায়িত্ব পাওয়ার কথা। তামিমও এসিসির সভাপতি হতে আগ্রহী এবং এ বিষয়ে নিজের অবস্থানের কথা সংস্থাটিকে জানিয়েছেন।

এসিসির নির্বাহী বোর্ডে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। নিয়ম অনুযায়ী, সভাপতির মেয়াদ মার্চ থেকে মার্চ পর্যন্ত হলেও মহসিন নাকভির ক্ষেত্রে তা ২০২৭ সালের ২ এপ্রিল শেষ হবে।

এর আগে জয় শাহ তৃতীয়বারের মতো এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় সব সদস্যের সর্বসম্মত সমর্থন ছিল এবং শ্রীলঙ্কা নিজেদের পালা এক বছর পিছিয়ে দিতে সম্মত হয়েছিল।

তবে এবার মহসিন নাকভির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে জটিলতা রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে তার বিরোধের কারণে অন্তত তিনটি পূর্ণ সদস্যদেশ মেয়াদ বাড়ানোর বিপক্ষে অবস্থান নিতে পারে।

এসিসির এক সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, নাকভির মেয়াদ ২০২৭ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা এবং এরপর বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তামিমের দায়িত্ব গ্রহণে আগ্রহের বিষয়টিও এসিসির সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছে।

এসএস