Image description

বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান জব্দ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো বকেয়া থাকায় আদালতের নির্দেশে বিমানটি আটকে দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা ওঠার পর উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন এবং বিমানটির উড্ডয়ন আটকে দেন।

তবে এ ঘটনার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্পিয়ান এয়ারলাইনস জানিয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে তাদের একটি বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য পরিশোধ নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। দ্রুতই বিমানটি ইরানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, চলতি মাসের শুরুতে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সমস্যায় পড়ার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করেছে ওয়াশিংটন।

তবে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসব নিষেধাজ্ঞা অনুসরণ করেনি। ফলে দুই দেশের মধ্যে কয়েকটি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। যদিও আঙ্কারার অনুরোধে ইরানের অন্যতম বৃহৎ বিমান সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।

এসএস