Image description

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের মিষ্টি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। স্বামী রণবীরের জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া।

প্রকাশিত ছবির একটিতে দেখা যায়, ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে থাকা রণবীরকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস পোশাকে রণবীর এবং লাল পোশাকে আলিয়াকে একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে সময় কাটাতে দেখা যায়।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। এই দম্পতির ঘরে রয়েছে মেয়ে রাহা। অভিনয়ের পাশাপাশি সংসার ও সন্তানকে সময় দিচ্ছেন দুজনই।

বর্তমানে রণবীর ও আলিয়া ব্যস্ত রয়েছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। এতে অভিনয় করছেন এই তারকা দম্পতি। পাশাপাশি রণবীর কাপুর অভিনয় করছেন বহুল আলোচিত মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ।

কাজের ব্যস্ততার মধ্যেও জন্মদিনে স্বামীকে নিয়ে আলিয়ার এমন ভালোবাসাময় আয়োজন ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তাঁদের অনুরাগীরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এসএস