গাজীপুর মহানগরীতে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় গৌরী রানী (৬৫) নামে এক বয়স্ক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর রাজবাড়ি রোডের রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সন্তানদের সাথে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওষুধ কেনার উদ্দেশ্যে বোর্ডবাজার থেকে গাজীপুর জেলা শহরের দিকে আসেন গৌরী রানী। একপর্যায়ে রাজবাড়ি রোডের রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।”
ডিআর




Comments